সরকারি অফিসে শৃঙ্খলা ও জনসেবার কার্যক্রম আরও গতিশীল করতে নতুন করে নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে অবশ্যই অবস্থান করতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে একাধিক কঠোর নিয়ম মানার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক নোটিশে এই নির্দেশনা পুনর্ব্যক্ত করা হয়। এতে বলা হয়, পূর্বে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া নির্দেশনা আরও কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। নোটিশে উল্লেখ করা হয়, নির্ধারিত ৯টা থেকে ৯টা ৪০ মিনিটের সময়কালে অফিস কক্ষ ত্যাগ করা যাবে না এবং এ সময়ে কোনো ধরনের দাপ্তরিক বা অদাপ্তরিক কার্যক্রম যেন বিঘ্ন সৃষ্টি না করে, তা নিশ্চিত করতে হবে।
বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে অফিস ব্যবস্থাপনায় নতুন নির্দেশনাও দেওয়া হয়েছে। এতে বলা হয়, এসি ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না। দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি বন্ধ রাখতে হবে এবং জানালা বা ব্লাইন্ড খুলে আলো ব্যবহারে গুরুত্ব দিতে হবে।
এছাড়া অফিসে শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী লাইট, ফ্যান, কম্পিউটারসহ অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করতে বলা হয়েছে। অফিস ত্যাগের সময় সব ধরনের বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি ব্যবহারের বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে। অফিস শেষে লাইট, ফ্যান, প্রিন্টার, স্ক্যানারসহ সব যন্ত্র সম্পূর্ণভাবে বন্ধ নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, সরকারি অনুমোদন ছাড়া কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না এবং অফিস কক্ষসহ পুরো পরিবেশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নিয়মগুলো যথাযথভাবে মানা হচ্ছে কি না তা তদারকির জন্য প্রতিটি দপ্তর, সংস্থা ও কার্যালয়ে একটি করে ভিজিল্যান্স টিম গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।

