দেশজুড়ে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদনও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়। জানা গেছে, বিষয়টি আজই হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে। রিটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে রুল জারির আবেদন করা হয়েছে। এতে জানতে চাওয়া হয়েছে—হাম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্তদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ও কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না।
আবেদনে বলা হয়েছে, সময়মতো টিকাদান কার্যক্রম পরিচালনায় ঘাটতি, পর্যাপ্ত টিকার সরবরাহ নিশ্চিত করতে না পারা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিতে ব্যর্থ হওয়া—এসব বিষয় নাগরিকদের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের শামিল। এছাড়া দ্রুত সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি চালু করা, পর্যাপ্ত টিকা, সিরিঞ্জ ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা এবং হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা, বিশেষায়িত ইউনিট ও আইসিইউ প্রস্তুত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

