ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে আজ শনিবার দুপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। প্রধান অতিথির বক্তৃতায় তিনি জানান, “জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, সক্রিয় এবং কার্যকর। এটি বাস্তবায়ন করবে সংসদ। জুলাই সনদের বাস্তবায়নের সঙ্গে গণভোট বাতিল হওয়া বা না–হওয়ার কোনো সম্পর্ক নেই।“
মন্ত্রী আরও বলেন, “জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, তা সনদেই বিস্তারিতভাবে বলা আছে। সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। বিএনপি মনেপ্রাণে জুলাইকে ধারণ করে।”
জ্বালানি তেলের সংকট বিষয়ক এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “তেলের মূল্যবৃদ্ধি করা হয়নি। কেউ যদি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে, তবে বিশেষ ক্ষমতা আইনের আওতায় কালোবাজারি ও মজুতদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, “দেশকে বাঁচাতে হলে খাল ও নদীখনন ও দখল উচ্ছেদ ছাড়া বিকল্প নেই। যে যত বড়ই শক্তিশালী হোক না কেন, খাল, জলাশয় ও নদী দখলমুক্ত করে খনন করা হবে।” তিনি জানান, প্রধানমন্ত্রী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে শৈলকুপায় খাল খনন কর্মসূচিতে সরাসরি অংশ নেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

