জাতীয় সংসদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে পাঁচ সদস্যের সংসদ সচিবালয় কমিশন গঠন করা হয়েছে। নতুন এই কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আজ শনিবার (৪ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। স্পিকারের আদেশক্রমে সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪-এর ধারা ৭ অনুযায়ী কমিশনটি গঠন করা হয়েছে।
কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সংসদ সচিবালয় কমিশনের প্রধান দায়িত্ব হলো সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রম তদারকি করা, গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া এবং বিভিন্ন কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা।
এর আগে গত ২ এপ্রিল স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে কমিশন গঠনের বিষয়টি চূড়ান্ত করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কমিশন গঠনের ফলে সংসদ সচিবালয়ের কাজকর্ম আরও সুসংগঠিত ও কার্যকরভাবে পরিচালিত হবে।

