জ্বালানি সংকটের মধ্যে ব্যবসা-বাণিজ্য সচল রাখতে দোকানপাট ও শপিংমলের খোলার সময় এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। এখন থেকে বিপণিবিতান রাত ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। রোববার (৫ এপ্রিল) দুপুরে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আগের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধের কথা থাকলেও নতুন সিদ্ধান্তে সময় বাড়ানো হয়েছে এবং এটি আজ থেকেই কার্যকর হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তের পেছনে আসন্ন পবিত্র ঈদুল আজহা ও পহেলা বৈশাখকে ঘিরে কেনাকাটার চাপ একটি বড় কারণ হিসেবে কাজ করেছে। ব্যবসায়ী সংগঠনগুলোর অনুরোধের পর বিষয়টি পুনর্বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান সময় বাড়ানোর নির্দেশ দেন। এর আগে শনিবার (৪ এপ্রিল) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে আগের সময়সূচি বহাল রাখার কথা জানিয়েছিলেন। তবে পরে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়।
জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী জানান, এপ্রিল মাসের জন্য প্রয়োজনীয় তেলের মজুদ দেশে রয়েছে। পাশাপাশি আগামী তিন মাসের জন্য পেট্রোল ও অকটেন সংরক্ষণের ব্যবস্থাও রয়েছে। নতুন উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এবং সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রক্রিয়া প্রায় সম্পন্ন।
তিনি আরও বলেন, কৃষি খাতে জ্বালানি সরবরাহকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেচ মৌসুমে কৃষকদের যেন কোনো সমস্যা না হয়, সে জন্য জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে গত ২ এপ্রিল সরকার অফিস সময়সূচি পরিবর্তন করে এবং দোকান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেয়। তবে প্রায় ৭০ লাখ দোকান মালিক ও বিপুলসংখ্যক কর্মচারীর জীবিকা বিবেচনায় সময় বাড়ানোর দাবি জোরালো হয়ে ওঠে। নতুন সিদ্ধান্তে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে সরকারি ও বেসরকারি অফিস আগের ঘোষণার মতোই সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

