রাহাদ সুমন, বরিশাল প্রতিবেদক— প্রাণনাশের হুমকিতে স্কুল ছাড়ল বরিশালের দশম শ্রেণির ছাত্রী
স্কুলে আসা-যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে অব্যাহতভাবে উত্যক্ত করা হচ্ছে। বর্তমানে ওই ছাত্রী ও তার মাকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে স্কুলছাত্রী ও তার পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন।
ভুক্তভোগী ওই ছাত্রী বরিশালের উজিরপুর উপজেলার ওটরা হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার দুপুরে দক্ষিণ ওটরা বাজার সংলগ্ন হাওলাদার বাড়ির বাসিন্দা মরহুম ইয়াসিন আলী হাওলাদারের মেয়ে জিনিয়া ইয়াসমিন মনি জানিয়েছেন, তিনি তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে কংকা আক্তারকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করে আসছেন।
অভিযোগ করে তিনি বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের প্রভাবশালীরা তার মেয়ে স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছে। এমনকি তাদের কয়েক দফা মারধরও করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বর্তমানে প্রতিপক্ষের লোকজন তাদের মা ও মেয়েকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করছে।
স্কুলছাত্রী কংকা আক্তার জানিয়েছে, মায়ের সঙ্গে নানা বাড়িতে থেকে সে পড়ালেখা করছে। জমিজমা নিয়ে একই বাড়ির হাসান লাল মিয়ার সঙ্গে বিরোধ চলছে। সেই কারণে প্রতিনিয়ত তাকে হয়রানি করা হচ্ছে। স্কুলে আসা-যাওয়ার পথে লাল মিয়া তার লোকজনের মাধ্যমে তাকে উত্যক্ত করে আসছে।
কংকা আক্তার আরও জানায়, সম্প্রতি তাকে ও তার মাকে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করা হচ্ছে। বিষয়টি জানতে পেরে বর্তমানে সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।
জিনিয়া ইয়াসমিন বলেন, তার বাবা কাস্টমস অফিসার ছিলেন। তখন হাসান লাল মিয়া তাদের জমিজমা ও বাড়িঘর দেখাশোনা করতেন। বাড়িঘর মানুষশূন্য হয়ে পড়ায় জমিজমা দেখাশোনার নামে হাসান লাল মিয়া পাশের বাসার মিজান ও সাইদুর রহমান মাসুদের সহযোগিতায় তার বাবার সম্পত্তি দখল করা শুরু করেন।
তিনি আরও বলেন, স্বামীর বাড়িতে সমস্যা দেখা দেওয়ার পর তিনি তার একমাত্র মেয়ে কংকাকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন। সেই থেকেই হাসান লাল মিয়ার বিরোধ বাড়ে। তিনি অভিযোগ করেন, হাসান লাল মিয়া পাশের বাড়ির সাইদুর রহমান মাসুদের সহায়তায় প্রায়ই তাদের বাড়িতে এসে মারধরের চেষ্টা করে। তার মেয়ে স্কুলে গেলে পথে লাল মিয়ার নেতৃত্বে বিভিন্ন লোকজন উত্যক্ত করে।
অভিযুক্ত হাসান লাল মিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, স্থানীয় একটি কুচক্রী মহলের মদদে মা ও মেয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে, যার কোনো সত্যতা নেই।
উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা জানান, বিষয়টি তার জানা নেই। এ ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

