দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের জন্য বিপুল সাড়া মিলেছে। প্রায় ১৩ হাজার শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ৫৩ হাজারের বেশি প্রার্থী।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছে, মোট ১২ হাজার ৯৫১টি শূন্য পদের জন্য ৫৩ হাজার ৬৯টি আবেদন জমা পড়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সংস্থাটির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
তিনি জানান, আগামী ১৮ এপ্রিল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকৃত পদগুলোর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানে ৭ হাজার ৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ১১২টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে ৩ হাজার ১৩১টি পদ রয়েছে।
গত ২৫ মার্চ প্রকাশিত ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রার্থীরা আবেদন করেন। মোট আবেদনকারীদের মধ্যে ৪৭ হাজার ৩৫১ জন পুরুষ এবং ৫ হাজার ৭১৮ জন নারী।
সংস্থাটির চেয়ারম্যান আরও জানান, পরীক্ষা আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং পরবর্তী ধাপগুলোও দ্রুত সম্পন্ন করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট মোকাবিলায় প্রতিবছর অন্তত দুটি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনার কথাও জানান তিনি।

