দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজারের বেশি শিশুর আক্রান্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত, আর বাকিদের মধ্যে হামের উপসর্গ ছিল। একই সময়ে ১ হাজার ২৩৬ শিশুর হামে আক্রান্ত হওয়ার সন্দেহ করা হচ্ছে বলে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ২২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আরও ১২৮ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে মোট ১ হাজার ৩৯৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরও ৬ হাজার ৮৮৩ শিশুর মধ্যে উপসর্গ দেখা গেছে।
অঞ্চলভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে ১৮৬ শিশু নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে আরও ৪৯৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী বিভাগ রয়েছে দ্বিতীয় অবস্থানে।
পরিস্থিতি মোকাবিলায় সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান নিশ্চিত করা এবং আক্রান্ত শিশুদের চিকিৎসা জোরদার না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

