চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজ কার্যক্রম ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সৌদি আরব ও বাংলাদেশের পক্ষের প্রয়োজনীয় খরচ পরিশোধ সম্পন্ন হয়েছে এবং ভিসাসহ সব প্রশাসনিক প্রস্তুতি শেষ করা হয়েছে। তিনি আরও বলেন, সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হবে।
মন্ত্রী জানান, হজযাত্রীদের সুবিধা বাড়ানো এবং ব্যয় কমানোর বিষয়টি নিয়েও সরকার কাজ করছে। ২০২৭ সালের হজ প্যাকেজ প্রণয়নের সময় এসব বিষয় বিবেচনায় নিয়ে খরচ কমানোর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

