২০২৬ সালের হজযাত্রীদের জন্য নতুন নিয়ম জারি করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এখন থেকে মক্কা ও আশপাশের পবিত্র স্থানে প্রবেশ করতে হলে নুসুক আইডি কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, হজের পুরো সময়জুড়ে প্রত্যেক হজযাত্রীর কাছে নুসুক আইডি কার্ড থাকতে হবে। মসজিদুল হারাম, মিনাসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে প্রবেশের ক্ষেত্রে এই কার্ডই প্রধান পরিচয়পত্র হিসেবে বিবেচিত হবে। কার্ড ছাড়া কোনো হজযাত্রীকে এসব এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই কার্ডটি শুধু প্রবেশের জন্য নয়, হজকালীন বিভিন্ন সরকারি ও জরুরি সেবা গ্রহণের ক্ষেত্রেও প্রয়োজন হবে। ফলে সকল হজযাত্রীকে নির্ধারিত সময়ের আগেই এটি সংগ্রহ করতে বলা হয়েছে।
নুসুক আইডি কার্ড দুইভাবে পাওয়া যাবে—
*প্রথমত, হজ এজেন্সি বা সংশ্লিষ্ট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি ফিজিক্যাল কার্ড হিসেবে।
*দ্বিতীয়ত, স্মার্টফোনে নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করে ডিজিটাল কার্ড হিসেবে।
যারা এখনো কার্ড পাননি, তাদের দ্রুত নিজ নিজ হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো তথ্যের জন্য পিলগ্রিম কেয়ার সেন্টারে যোগাযোগের সুবিধাও রাখা হয়েছে। কর্তৃপক্ষের মতে, হজ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও নিরাপদ করতে এই ব্যবস্থা চালু করা হয়েছে।

