রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে কাইজার সোহেল আহমেদ এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সৈয়দ মইন উদ্দিন আহমেদকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের ঘোষণা দেয়। প্রজ্ঞাপন অনুযায়ী, কাইজার সোহেল আহমেদ যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের আগে তাকে সরকারি, আধা-সরকারি বা বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান পেশাগত ও ব্যবসায়িক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করতে হবে। পাশাপাশি তার নিয়োগের অন্যান্য শর্ত একটি আনুষ্ঠানিক চুক্তিনামার মাধ্যমে নির্ধারণ করা হবে।
একই দিনে আরেকটি পৃথক আদেশে সৈয়দ মইন উদ্দিন আহমেদকে এক বছরের জন্য বিমানের ডিএমডি পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তার ক্ষেত্রেও একই ধরনের শর্ত প্রযোজ্য থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এই নিয়োগ কার্যকর করা হয়েছে বলে সরকারের আদেশে জানানো হয়েছে।

