আগামী ছয় মাসের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, দেশের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল ও আধুনিক করার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য সেলিম রেজার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধাপে ধাপে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে। পাশাপাশি সাড়ে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই সংযোগ দেওয়া হবে। তিনি আরও জানান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান আধুনিকায়নের অংশ হিসেবে ১৮০ দিনের মধ্যে ২,৩৩৬টি কারিগরি ও ৮,২৩২টি মাদ্রাসায় ওয়াই-ফাই চালু করার পরিকল্পনা রয়েছে।
ডিজিটাল শিক্ষাকে আরও এগিয়ে নিতে প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য ‘এডু-আইডি’ চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া আইসিটি বিভাগের আওতায় আগামী ছয় মাসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, পাইথন প্রোগ্রামিংসহ বিভিন্ন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানানো হয়।
সরকার শিক্ষাখাতে বাজেট বাড়িয়ে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে বলেও সংসদে উল্লেখ করা হয়। পাশাপাশি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস, মিড ডে মিল ও স্কুল ফিডিং কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানানো হয়। নারী শিক্ষার প্রসারে প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারীকরণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলেও সংসদে জানানো হয়।

