দেশের এমপিওভুক্ত স্কুল ও কলেজগুলোতে বিপুল সংখ্যক শিক্ষক সংকটের চিত্র তুলে ধরেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। জাতীয় সংসদে তিনি জানান, বর্তমানে এসব প্রতিষ্ঠানে ৬০ হাজার ২৯৫টি শিক্ষক পদ খালি রয়েছে, যা শিক্ষার মান নিয়ে উদ্বেগ তৈরি করছে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রী জানান, সরকারি কলেজগুলোতেও শিক্ষক ঘাটতি রয়েছে। বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রভাষক পদে ৬৫৬টি শূন্য রয়েছে। পাশাপাশি নতুন সরকারি হওয়া কলেজগুলোতে নন-ক্যাডার প্রভাষকের ২ হাজার ৪১০টি পদ খালি। বেসরকারি এমপিওভুক্ত কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মিলিয়ে ১ হাজার ৩৪৯টি পদ শূন্য রয়েছে। এছাড়া ১ হাজার ৩৪৪টি পদে নিয়োগ কার্যক্রম বর্তমানে চলমান।
তিনি বলেন, শূন্য পদ পূরণে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। বিভিন্ন বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি কলেজে প্রভাষক নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র মাধ্যমে মেধাভিত্তিক নিয়োগ অব্যাহত রয়েছে। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানের ১১ হাজার ১৫১টি শূন্য পদ পূরণে আবেদনও আহ্বান করা হয়েছে।
বেসরকারি কলেজ জাতীয়করণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে কলেজ সরকারিকরণ করা হয়। তবে শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া, যা সরকারের আর্থিক সক্ষমতা ও নীতিমালার ওপর নির্ভরশীল। তিনি আরও জানান, দেশে বর্তমানে ৩৪ হাজার ১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ৫ লাখ ৯৮ হাজার ৯৯৪ শিক্ষক এবং ২ লাখ ৬ হাজার ৬৯৯ কর্মচারী কর্মরত।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে সমতা ও গুণগত মান নিশ্চিত করতে সরকার কাজ করছে। এমপিওভুক্তি বা উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা নয়, বরং নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়। তিনি জানান, পর্যায়ক্রমে সব যোগ্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। প্রতিটি সংসদীয় আসনে স্কুল ও কলেজের অবকাঠামো উন্নয়ন এবং নতুন ভবন নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষার ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে জানান মন্ত্রী। দেশে এখনও ২ হাজার ৮৩৯টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। বিভাগভিত্তিক এই ঘাটতির তথ্যও তিনি সংসদে তুলে ধরেন। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে ২৪ হাজার ৩২০টি প্রতিষ্ঠানের মধ্যে ৪ হাজার ৫৯টি প্রতিষ্ঠানে এখনো সরকারি অর্থায়নে ভবন নির্মাণ হয়নি বলে জানান তিনি। এসব প্রতিষ্ঠানে ধাপে ধাপে অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় মাদক নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। মাদক নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
অন্যদিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার সংখ্যা ৭১ হাজার ৫৯১টি। এর মধ্যে ৬০ হাজার ২৮৬টি সক্রিয় রয়েছে। গত অর্থবছরে ৪ হাজার ২২১টি সংস্থাকে ১১ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে।

