রাজধানীর সায়েদাবাদ এলাকায় দীর্ঘদিনের যানজট ও বিশৃঙ্খলা কমাতে কঠোর পদক্ষেপ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানে একদিনেই ২৪০টি অবৈধ বাস কাউন্টার সরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। টিটিপাড়া মোড় থেকে ধোলাইপাড় পর্যন্ত বিস্তৃত এলাকায় এই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।
ডিএসসিসি সূত্র জানায়, পূর্বের এক সমন্বয় সভার সিদ্ধান্তের ভিত্তিতেই এই অভিযান শুরু করা হয়েছে। গত ১০ মার্চ অনুষ্ঠিত ওই সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন।
প্রাথমিকভাবে করা জরিপে সায়েদাবাদ এলাকায় ২৪০টি অনুমোদনহীন বাস কাউন্টার শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে এসব স্থাপনা ভেঙে ফেলা হয়। সংশ্লিষ্টদের ভবিষ্যতে রাস্তা বা ফুটপাত দখল না করার জন্য সতর্ক করা হয়েছে।
এদিন শুধু সায়েদাবাদেই নয়, রাজধানীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কেও একই ধরনের অভিযান পরিচালিত হয়। মগবাজার, কাকরাইল, মৎস্য ভবন, বাংলামোটরসহ বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে পদক্ষেপ নেয় সিটি কর্পোরেশন।
ডিএসসিসি জানিয়েছে, অবৈধ বাস কাউন্টার ও দখলদারিত্বের কারণে সায়েদাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র যানজট ও যাত্রী ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনদুর্ভোগ কমাতে এই অভিযান চালানো হচ্ছে। সংস্থাটি আরও জানিয়েছে, অবৈধ স্থাপনা সম্পূর্ণ অপসারণ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান চলমান থাকবে।

