ঢাকাসহ দেশের আটটি বিভাগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৮ এপ্রিল) রাত থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে এই ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়, রাত ৮টা থেকে শুরু করে আগামী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে হঠাৎ দমকা বাতাস, গাছপালা উপড়ে পড়া কিংবা ঘরবাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
- এছাড়া ঝড়ের সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে, যা জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

