সারা দেশে চলমান অভিযানে গত ৩ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৪ লাখ ৬৯ হাজার ৪২ লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত তেলের মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি, যা ৩ লাখ ৫২ হাজার ৪৭ লিটার। এছাড়া ৩৬ হাজার ৬২১ লিটার অকটেন এবং ৮০ হাজার ৩৭৪ লিটার পেট্রলও উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।
তিনি বলেন, “জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ মজুদ, পাচার ও কৃত্রিম সংকট তৈরি প্রতিরোধের জন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে।”
জানা গেছে, গত ৭ এপ্রিল পর্যন্ত ৭ হাজার ৩৪২টি অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ৩ হাজার ১১টি মামলা দায়ের করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযানে ১ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। পাশাপাশি ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
জ্বালানি বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়, অবৈধ মজুদ রোধে অভিযান জোরদার করা হয়েছে। নিয়মিত তদারকি ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষা করা হবে।

