সিন্ডিকেট ভাঙা ও বাজার ব্যবস্থাপনা আরও স্বচ্ছ করতে দেশের সম্পূর্ণ সাপ্লাই চেইনকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেন, আমদানিকারক, পাইকার ও খুচরা বিক্রেতাসহ সংশ্লিষ্ট সব পক্ষের তথ্য একটি কেন্দ্রীয় ডাটাবেজে যুক্ত করা হবে। এতে বাজার মনিটরিং সহজ হবে এবং পুরো সরবরাহ ব্যবস্থায় নজরদারি বাড়বে।
গতকাল শনিবার সিলেট নগরীর টিলাগড়ে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘কৃষকের হাট’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ হাটে কৃষকরা নিজেদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে পারবেন।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আমদানিনির্ভর পণ্যের দাম স্থিতিশীল রাখতে পুরো সাপ্লাই চেইনকে এআই মডেলের আওতায় আনা হবে। এর মাধ্যমে বাজার পর্যবেক্ষণ সহজ হবে এবং সার্বিক বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা সম্ভব হবে।
টিসিবির কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, সংস্থাটির কার্যক্রমের পরিধি বাড়ানো হবে। বর্তমানে সরকার প্রতি বছর টিসিবির জন্য প্রায় ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। এই ভর্তুকি কমানোর পরিকল্পনা থাকলেও টিসিবির কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি জেলায় কৃষকেরা যাতে সপ্তাহে অন্তত একদিন সরাসরি ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে পারেন, সে জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে।
সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমাতে ‘কৃষকের হাট’ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন সকালে টিলাগড় পয়েন্টের নির্ধারিত স্থানে এ বাজার পরিচালিত হবে। এখানে সিলেটের প্রান্তিক কৃষকেরা কোনো মধ্যস্থতাকারী বা দালাল ছাড়া সরাসরি ভোক্তাদের কাছে তাদের পণ্য বিক্রি করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী এবং জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

