ফিলিস্তিনের ন্যায়সংগত অধিকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (১২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউসেফ রমজান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই সমর্থনের কথা পুনরায় উল্লেখ করেন।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় ও সরকার গঠনের পর ফিলিস্তিনি নেতৃত্বের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে এবং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার স্বার্থে এই অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ ও ফিলিস্তিন-এর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।

