শিক্ষা ও শিশুদের কল্যাণে সহযোগিতা বাড়াতে তিন দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশন্স’-বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল শনিবার তিনি রাজধানীতে পৌঁছাবেন।
আজ (শুক্রবার) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক মিডিয়া বার্তায় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সফরকালে বাংলাদেশের আগামী প্রজন্মের উন্নয়ন ও সুরক্ষা জোরদারে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন হার্ডার।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এই বিশেষ দূতের কার্যালয় মূলত বিশ্বজুড়ে শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের অধিকার সুরক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং তাদের সার্বিক উন্নয়নে কাজ করে।
সফরের আলোচনায় শিক্ষা ও স্বাস্থ্যসেবার পাশাপাশি পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে শিশুশ্রম ও পাচার প্রতিরোধ এবং শিশুদের অপরাধ চক্র ও সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়া বন্ধে গুরুত্বারোপ করা হবে।
চার্লস জে হার্ডার নিয়মিতভাবে বিভিন্ন ফাউন্ডেশন, করপোরেশন, অলাভজনক ও ধর্মীয় সংগঠন এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কাজ করেন। শিশু, তাদের পরিবার এবং কমিউনিটিকে প্রভাবিত করে এমন চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি বাস্তবসম্মত ও উদ্ভাবনী সমাধান খোঁজেন।

