ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি ব্লেন্ডার মেশিনের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৩ কেজি ২৮৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত বিভাগ। এ ঘটনায় সৌদি আরব থেকে আসা এক যাত্রীকে আটক করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের রাজস্ব কর্মকর্তা মো. মাসুদ করিম জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে আসা যাত্রী হাবিবুর রহমানের ব্যাগ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকায় হাবিবুর রহমানকে চিহ্নিত করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছে স্বর্ণ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। পরে কাস্টমস গোয়েন্দারা তার ব্যাগ তল্লাশি ও স্ক্যানিং করেন।
তল্লাশির একপর্যায়ে তার হ্যান্ডব্যাগ থেকে ২৯৯ গ্রাম স্বর্ণ এবং বুকিং করা ব্যাগেজের তিনটি ব্লেন্ডার মেশিনের ভেতর থেকে ছয়টি স্বর্ণের পিণ্ড পাওয়া যায়, যার ওজন ২৯৯০ গ্রাম। সব মিলিয়ে মোট ৩ কেজি ২৮৯ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।
এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

