বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘সেভেন সিস্টার্স নামে পরিচিত এই রাজ্যগুলো পুরোপুরি স্থলবেষ্টিত। সমুদ্রের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই। আমরা এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক।’
ড. ইউনূসের এই মন্তব্য ভারতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নীতিনির্ধারক ও রাজনীতিবিদরা এটিকে হুমকি হিসেবে দেখছেন। যদিও দিল্লি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘ভারতের সাতটি রাজ্য স্থলবেষ্টিত হওয়ার অর্থ কী?’
ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি ড. ইউনূসের মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘উত্তর-পূর্ব ভারত ভারতের অবিচ্ছেদ্য অংশ। প্রধান উপদেষ্টার এমন মন্তব্য হতাশাজনক। এটি বলার কোনো অধিকার তাঁর নেই।’
বীণা সিক্রি আরও বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তর-পূর্ব অঞ্চলের বঙ্গোপসাগরে প্রবেশাধিকার নিয়ে আনুষ্ঠানিক চুক্তি রয়েছে। বাংলাদেশ জানে, এই অঞ্চলের প্রবেশাধিকার নিয়ে আমাদের ঘনিষ্ঠ আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যদি উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সংযোগের অধিকার দিতে আগ্রহী না হয়, তবে তারা জলপথের কোনো সুবিধা পাওয়ার আশা করতে পারে না। তাদের এ বিষয়ে কোনো বিভ্রান্তি থাকা উচিত নয়।’
ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্রফুল্ল বকশি বলেন, ভারত বাংলাদেশ তৈরি করেছিল। কিন্তু এর বিনিময়ে কোনো মানচিত্রগত সুবিধা নেয়নি। তিনি উদ্বেগ প্রকাশ করেন যে বাংলাদেশ, চীন ও পাকিস্তান শিলিগুড়ি করিডর ব্যবহার করে ভারতের ওপর চাপ সৃষ্টি করার পরিকল্পনা করছে।
তিনি বলেন, ‘বাংলাদেশ, চীন ও পাকিস্তান শিলিগুড়ি করিডর নিয়ে আলোচনা করছে। তারা ভারতের শ্বাসরোধ করার উপায় খুঁজছে।’ ‘আমরা চাইলে বাংলাদেশের বিরুদ্ধেও একই কৌশল নিতে পারি। সমুদ্রপথে তাদের টুঁটি চেপে ধরতে পারি।’
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘ড. ইউনূসের মন্তব্য আপত্তিকর এবং নিন্দনীয়। বাংলাদেশ আমাদের উত্তর-পূর্বাঞ্চলের একমাত্র সমুদ্রপথ বলে দাবি করতে পারে না।’
ড. ইউনূসের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমরা এই অঞ্চলের একমাত্র সমুদ্রপথ। এটি চীনা অর্থনীতির জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। উৎপাদন, বিপণন এবং বাকি বিশ্বে ছড়িয়ে দেওয়ার সুযোগ রয়েছে এখানে।’
এই মন্তব্যের প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বিশ্বশর্মা বলেন, ‘এটি ভারতের কৌশলগত চিকেনস নেক করিডরের দুর্বলতার বিষয়টি সামনে নিয়ে এসেছে।’ তিনি বিকল্প সড়ক ও রেল নেটওয়ার্ক তৈরির আহ্বান জানান।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসও এই মন্তব্যের সমালোচনা করেছে। তারা একে উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তার জন্য বিপজ্জনক বলে আখ্যা দিয়েছে।
কংগ্রেসের গণমাধ্যম ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা বলেন, ‘বাংলাদেশ চীনকে আমন্ত্রণ জানিয়ে ভারতকে ঘিরে ফেলতে চাইছে। বাংলাদেশ সরকারের এই অবস্থান উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তার জন্য হুমকি। সরকার মণিপুরের বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। অথচ চীন ইতিমধ্যেই অরুণাচলে গ্রাম স্থাপন করেছে।’

