ভারতের পার্লামেন্টে সদ্য পাস হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলকে মুসলিম সম্প্রদায়ের স্বার্থবিরোধী বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি দাবি করেন, মোদি সরকারের এই পদক্ষেপ ভারতের মুসলমানদের ধর্মীয় অধিকার খর্ব করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
গত ৩ এপ্রিল ভারতের লোকসভা ও রাজ্যসভায় পাস হওয়া এই বিল অনুযায়ী, ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য রাখার সুযোগ সৃষ্টি হয়েছে, যা আগের আইনে ছিল না। তাছাড়া, মুসলমানদের দানকৃত ধর্মীয় ও সেবামূলক সম্পত্তিতে (যেমন: মসজিদ, মাদরাসা ও কবরস্থান) সরকারি হস্তক্ষেপের সুযোগ তৈরি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিলটি ১২৮-৯৫ ভোটে পাস হওয়ার পর দেশটির রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করেন।
অধ্যাপক আসিফ নজরুল লিখেছেন, ‘ভারতে মোদি সরকার মুসলমানবিরোধী আরো একটি পদক্ষেপ নিয়েছে। নতুন আইন পাস করে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্তি এবং সরকারকে এসব সম্পত্তির ওপর সরাসরি নিয়ন্ত্রণের সুযোগ দিয়েছে।’ তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, এই আইন ব্যবহার করে বহু পুরোনো মসজিদ ও ঐতিহাসিক মুসলিম সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।
তিনি প্রশ্ন তোলেন, ‘যেখানে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পান না, সেখানে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের রাখা হবে কেন?’
আসিফ নজরুল এই বিলকে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির অংশ বলেও উল্লেখ করেছেন। তার মতে, এই আইন ভারতের মুসলমান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্য ও নিপীড়নের ধারাবাহিকতা।’ তিনি শেষ করেছেন এই মন্তব্য দিয়ে যে, ‘দুঃখজনকভাবে এই হিন্দুত্ববাদী গোষ্ঠীই আবার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ভুয়া অভিযোগ তুলে আন্তর্জাতিক অঙ্গনে প্রচার চালায়।

