রাখাইন রাজ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে প্রস্তাবিত মানবিক করিডর নিয়ে আলোচনার সঙ্গে চীনের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন।
রাষ্ট্রদূত জানান, আমার জানা মতে, রাখাইন ইস্যুতে প্রস্তাবিত করিডর জাতিসংঘের উদ্যোগে করা হচ্ছে। বাংলাদেশ ও মিয়ানমার এতে সংশ্লিষ্ট থাকতে পারে, তবে চীন এই উদ্যোগের সঙ্গে যুক্ত নয়। এটি মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়।
তিনি আরো বলেন, চীন সবসময় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন করে এবং অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। আমরা আশা করি, বাংলাদেশ ও মিয়ানমার রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে সক্ষম হবে।
রাখাইন রাজ্যকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার বিষয়ে প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন বলেন, রাখাইনকে স্বাধীন রাজ্য ঘোষণার বিষয়ে আমার কোনো ধারণা নেই। এ বিষয়ে কোনো রাজনৈতিক আলোচনার কথাও জানা নেই। কিছু গোষ্ঠীর বিবৃতি থাকলেও সেটি তাদের নিজস্ব।
ভারত-পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গে চীনা রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। উত্তেজনা প্রশমনে উভয় দেশকে একযোগে কাজ করতে হবে। এমন সংকটে বাংলাদেশকে পাশে পাবে চীন।
চলতি মাসেই চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকায় সফরে আসছেন উল্লেখ করে তিনি বলেন, প্রায় ১০০ সদস্যের একটি বড় বাণিজ্য প্রতিনিধি দল নিয়ে তিনি বাংলাদেশ সফরে আসবেন। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে।
অন্তর্বর্তী সরকার ও অভ্যন্তরীণ সংস্কার ইস্যুতে চীনের অবস্থান পরিষ্কার করে রাষ্ট্রদূত বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা হস্তক্ষেপ করি না বা চাপ প্রয়োগেও আগ্রহী নই। তবে আমরা মনে করি- একটি দেশের অগ্রগতির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যাবশ্যক।

