চট্টগ্রাম বন্দরে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউন’ কর্মসূচির প্রথম দিনে আমদানি-রপ্তানি কার্যক্রম ধীরে ধীরে বন্ধ হতে শুরু করেছে। শনিবার (২৮ জুন) সকাল ছয়টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার পর বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়নও বন্ধ হয়ে গেছে।
বর্তমানে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম চলমান রয়েছে, কারণ এসব জাহাজের নিবন্ধনসহ অন্যান্য কার্যক্রমের অনুমোদন আগেই সম্পন্ন হয়েছে। তবে নতুন আগত জাহাজগুলোর নিবন্ধন না হওয়ায় সেগুলো জেটিতে ভেড়ানোর সুযোগ পাচ্ছে না। ফলে কর্মসূচি অব্যাহত থাকলে পুরো বন্দর অচল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানির শুল্কায়ন থেকে খালাস পর্যন্ত সব কার্যক্রম কাস্টমসের অনুমোদনের ওপর নির্ভরশীল। কাস্টমসের অনুমোদন ছাড়া এসব কার্যক্রম সম্পন্ন করা সম্ভব নয়। ফলে কাস্টমসের কার্যক্রম বন্ধ হওয়ায় বন্দরের কার্যক্রমও ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে।
সুইজারল্যান্ডভিত্তিক জাহাজ কোম্পানি মেডিটেরানিয়ান শিপিং কোম্পানির হেড অব অপারেশন অ্যান্ড লজিস্টিকস আজমীর হোসেন চৌধুরী বলেন, “আগের অনুমোদন থাকায় জেটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ চলছে। তবে রপ্তানি শুল্কায়ন না হলে পণ্য রপ্তানি করা যাবে না। আবার যেসব জাহাজ এখন নিবন্ধন হয়নি, সেগুলোতে কনটেইনার ওঠানো-নামানো করা যাবে না।”
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ এবং রাজস্ব খাতের সংস্কারের দাবিতে সারা দেশের শুল্ক-কর কার্যালয়ে শনিবার থেকে লাগাতার শাটডাউন কর্মসূচি শুরু হয়েছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে চট্টগ্রাম বন্দরে, কারণ দেশের আমদানি-রপ্তানি পণ্যের সিংহভাগ এই বন্দর দিয়ে পরিচালিত হয়।
শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম বলেন, “এই কর্মসূচি আমদানি-রপ্তানিতে ভয়াবহ সংকট তৈরি করবে। কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকায় পুরো বন্দরে অচলাবস্থা তৈরি হবে।”

