রাজশাহীতে ভাঙা রেললাইনের ওপর পাটের বস্তুা গুঁজে ট্রেন চলাচল করছে। ফলে রাজশাহীতে যাওয়া-আসা ট্রেনগুলো ধীরগতিতে চলাচল করছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাজশাহী নগরের নতুন বুধপাড়া রেলক্রসিং এলাকায় এই ঘটনা নজরে আসে।
জানা গেছে, প্রতিদিন সকালে রেলওয়ের কর্মীরা কাজে এসে রেললাইন ভাঙা দেখতে পান এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা জানান, ছোটখাটো ভাঙা মেরামত করা হবে। রেললাইনের টপ প্রায় ৬–৭ ইঞ্চি ভেঙে গেছে। ট্রেন চলাচল অব্যাহত থাকলেও দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।
এই অবস্থায় বরেন্দ্র এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, মধুমতী এক্সপ্রেস ও লোকাল মেইল ট্রেন চলাচল করতে দেখা গেছে। এদিকে একই দিন সকালে নাটোরের লুকমানপুর স্টেশন এলাকায়ও ট্রেনের লাইন ভেঙে গেছে। সেখানে ও পাটের বস্তুা গুঁজে ট্রেন চলাচল করছে।
বিষয়টি নিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী (পথ) আহসান হাবিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার মন্তব্য পাওয়া যায়নি।

