ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনা ঘটে সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় বুধবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে।
বিজিবির তলুইগাছা বিওপি ক্যাম্পের কমান্ডার আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, ফেরত পাঠানো ব্যক্তিরা সাতক্ষীরা, খুলনা ও গাইবান্ধার বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে ৪ শিশু, ৪ নারী এবং ২ জন পুরুষ রয়েছে। রাতেই তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিমুল হক বলেন, “গতকাল সকাল ১১টায় ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্টে এই ১০ জনকে আটক করে বিএসএফ। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে রাত ১০টার দিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।”
আটক ব্যক্তিদের মধ্যে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সোনাতলা পূর্বপাড়া গ্রামের নেয়ামত আলী জানান, তারা ১৮–২০ বছর আগে ভারতে যান এবং সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন। বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সম্প্রতি মাইকিং করা হয়। তারা মঙ্গলবার আমুদিয়া বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করেন। যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

