আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সনদ (ন্যাশনাল চার্টার) গণভোটে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হয়েছে।
আজ শনিবার (৩১ জানুয়ারি) প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস উইং জানায়, এই সংখ্যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। আন্তর্জাতিক মহলে এবারের নির্বাচনের প্রতি আগ্রহ তীব্র হওয়ায় পর্যবেক্ষকের তালিকায় এবার প্রভাবশালী সংস্থা ও দেশগুলো যুক্ত হচ্ছে।
প্রেস উইং আরও জানায়, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত ৩২ জন ব্যক্তি নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে অংশ নেবেন। পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা ইতিহাসে উল্লেখযোগ্য। এর আগে ১২তম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৮ জন, ১১তম নির্বাচনে ১২৫ জন এবং ১০ম নির্বাচনে মাত্র চারজন আন্তর্জাতিক পর্যবেক্ষক ছিলেন।
ওআইসির দুই সদস্যের পর্যবেক্ষক দল নেতৃত্ব দেবেন সংস্থার নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দার। এছাড়া এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৫ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে সাতজন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে একজন পর্যবেক্ষক আসবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভয়েস ফর জাস্টিস, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, এসএনএএস আফ্রিকা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এবং পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স-এর মতো সংস্থার প্রতিনিধিত্বকারী ৩২ জন ব্যক্তি নির্বাচনের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সফর সমন্বয়ের দায়িত্বে থাকা সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ বলেন, “আমরা আশা করছি আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়বে। আমন্ত্রণ জানানো কয়েকটি দেশ এখনও তাদের প্রতিনিধির নাম চূড়ান্ত করেনি।”
এখনো প্রতিনিধি চূড়ান্ত করেনি এমন দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিসর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়া। এছাড়া দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থাপনা সংস্থাগুলোর ফোরাম ফেমবোসাও শিগগিরই তাদের পর্যবেক্ষকদের নাম ঘোষণা করতে পারে।
এবারের নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় ২ হাজার প্রার্থী ৩০০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট।

