রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২০ কাঠা সরকারি প্লট বরাদ্দ সংক্রান্ত দুই মামলায় রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি)। এই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নাতনী টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ মোট ৩৬ জন আসামি রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম বেলা ১১টায় রায় ঘোষণা করবেন।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) আদালতের একটি সূত্র জানায়, সোমবার শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের দুই মামলার রায় ঘোষণা করা হবে। প্রসঙ্গত, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২০ কাঠা সরকারি প্লট বরাদ্দ সংক্রান্ত দুই মামলায় মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একজনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়।
প্রথম মামলা:
শেখ হাসিনা, টিউলিপ ও রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৬ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। মামলায় বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়া হয়েছে। তদন্ত শেষে ২০২৫ সালের ১০ মার্চ চার্জশিট দাখিল করা হয়, এবং আদালতে ২৮ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
এই মামলায় অন্যান্য আসামির মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মো: সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো: আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সহকারী পরিচালক ফারিয়া সুলতানা, মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, পরিচালক শেখ শহিদুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
দ্বিতীয় মামলা:
শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনা সিদ্দিকসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়া হয়েছে। তদন্ত শেষে মোট ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এই মামলায় ৩১ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেছেন।
দ্বিতীয় মামলার অন্যান্য আসামির মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মো: সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো: আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো: নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, পরিচালক কামরুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
এর আগে, ২০২৫ সালের ৩১ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। এরপর গত ১৩ ও ১৮ জানুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ধার্য করা হয়।

