চট্টগ্রাম বন্দরে ছয় দিন ধরে চলমান শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতির অবসান হয়েছে। নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে সফল আলোচনার পর শ্রমিকরা শুক্রবার থেকে বন্দরে পূর্ণমাত্রায় কাজে ফিরবেন। একই সঙ্গে, আগামীকাল শুক্রবার ও শনিবারের জন্য কর্মবিরতি স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর ভবন প্রাঙ্গণে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম ঐক্য পরিষদ’-এর দুই সমন্বয়ক হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।
ইব্রাহিম খোকন বলেন, “উপদেষ্টার সঙ্গে আলোচনায় আমরা চারটি মূল দাবি তুলে ধরেছি। প্রধান দাবি হলো নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার চুক্তি বাতিল করা। উপদেষ্টা জানিয়েছেন, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে দুই দিনের মধ্যে আমাদের জানাবেন।”
শ্রমিকদের অন্য তিনটি দাবি ছিল: আন্দোলনরত কর্মচারীদের বদলি আদেশ প্রত্যাহার, আন্দোলনের নেতৃত্ব দেওয়া কর্মচারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়া এবং বন্দর চেয়ারম্যানের অপসারণ। খোকন জানান, উপদেষ্টা ইতিমধ্যে দুটি দাবির সমর্থন জানিয়েছেন এবং বন্দর চেয়ারম্যানের অপসারণের বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।
ঐক্য পরিষদের অপর সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, “পবিত্র রমজান মাসের প্রতি সম্মান এবং উপদেষ্টার আশ্বাসের ভিত্তিতে আমরা শুক্রবার ও শনিবারের কর্মসূচি স্থগিত করেছি। তবে সরকার যদি এনসিটি চুক্তি থেকে সরে না আসে, আমরা রবিবার থেকে পুনরায় কর্মবিরতিতে যেতে বাধ্য হব।” তিনি আরও যোগ করেন, “কোনওভাবেই এনসিটি চুক্তি বিদেশি অপারেটরের হাতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে আমরা এই চুক্তি প্রতিহত করব।”
শ্রমিকদের দীর্ঘ কর্মবিরতির কারণে দেশের প্রধান এই সমুদ্রবন্দর গত ছয় দিন ধরে পণ্য খালাস ও পরিবহনে মারাত্মক স্থবিরতায় ভুগছিল। শ্রমিকরা কাজে ফেরার ঘোষণা দিলে ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

