ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। ন্যায়বিচার নিশ্চিত করতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতা কামনা করা হয়েছে।
রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জেনেভায় অবস্থিত বাংলাদেশের স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল পাঠায়। এতে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার অনুরোধ জানানো হয়।
জেনেভাস্থ বাংলাদেশ মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে।
এদিকে বাংলাদেশ সরকার আবারও স্পষ্ট করেছে, শহীদ শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তদন্ত প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করা হবে। একই সঙ্গে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে সরকার।

