ভোটের সময় নগদ অর্থ বহনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, অর্থের উৎস ও ব্যবহারের খাত বৈধ প্রমাণ করতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও আইনগত বাধা নেই।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটকের ঘটনার পর এ বিষয়ে জানতে চাওয়া হয়।
একজন ব্যক্তি ভোটের সময় কত টাকা বহন করতে পারবেন— এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, অর্থ বৈধ হলে এবং তার উৎস সঠিক হলে এতে কোনো সমস্যা নেই। ব্যক্তিগত প্রয়োজনে একজন নাগরিক প্রয়োজন অনুযায়ী নগদ অর্থ বহন করতে পারেন।
তবে তিনি সতর্ক করে বলেন, যদি ওই অর্থ ভোটে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাহলে বিষয়টি ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ দেখবে। আর অর্থের উৎস অবৈধ বা কালো টাকা হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত আইনে ব্যবস্থা নেবে।
এর আগে বুধবার দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থানার পুলিশ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকাসহ আটক করে। ওই ঘটনার পরই নির্বাচনের সময় নগদ অর্থ বহনের বিধি নিয়ে আলোচনা শুরু হয়।

