আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে দায়িত্বপালনকারী কর্মকর্তাদের সম্মানী ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। এ চক্রের ফাঁদে পা না দিতে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে বিশেষভাবে সতর্ক করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারকরা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ) নম্বর সংগ্রহের চেষ্টা করছে। তারা মূলত ০১৩৪২০৪৬২৩২ ও ০১৬১২৬৭৭০৭৪ নম্বর ব্যবহার করে ফোন কল করছে এবং ভুয়া ভাতা প্রদানের প্রলোভন দেখাচ্ছে।
ইসি আরও জানায়, ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাকে সম্মানী প্রদান করা হবে। এই প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা আলাদা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই।
বিজ্ঞপ্তিতে কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে যে, কোনো ফোন বা প্রলোভনে সাড়া দেবেন না। সরকারি পেমেন্টের জন্য ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং তথ্য বা পিন (PIN) চাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি কেউ ইসির পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত তথ্য চাইতে আসে, তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

