ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট পড়েছে উল্লেখযোগ্য হারে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটে ৮০ দশমিক ১১ শতাংশ ভোট কাস্ট হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত ও অনুমোদিত ভোটারের সংখ্যা ছিল ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন, যা মোট নিবন্ধিত ভোটারের প্রায় ৮০ শতাংশেরও বেশি।
সালীম আহমাদ খান আরও বলেন, রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১১ লাখ ৬৫ হাজার ৫৯২টি পোস্টাল ব্যালট, যা মোট প্রদত্ত ভোটের ৭৬ দশমিক ২৮ শতাংশ। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭টি ভোট বৈধ হিসেবে গৃহীত হয়েছে, যা মোট নিবন্ধিত ভোটারের ৭০ দশমিক ২৫ শতাংশ।
তিনি জানান, প্রবাসী ভোটারদের মধ্যে ৪ লাখ ৯৮ হাজার ২৬৬ জনের পাঠানো ব্যালট বাংলাদেশে পৌঁছেছে, যার মধ্যে ৪ লাখ ৯৮ হাজার ২০৫টি ব্যালট গ্রহণযোগ্য হিসেবে গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তারা।
অন্যদিকে, দেশের ভেতরে অবস্থানরত পোস্টাল ভোটারদের (আইসিপিভি) মধ্যে ৬ লাখ ৬৭ হাজার ৩৮৮ জন ভোট দিয়েছেন, যা পোস্টাল ভোট ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ও অংশগ্রহণের ইতিবাচক চিত্র তুলে ধরে।

