আইনগত জটিলতার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনটি আসনের ফলাফল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট আসনগুলো হলো— শেরপুর-২, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব আসনে জয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকায় এবং মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল প্রকাশে আইনগত বাধ্যবাধকতা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত তিনটি পৃথক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের এই সিদ্ধান্ত জানানো হয়।
চট্টগ্রাম-৪ আসন
চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী আপিল বিভাগের আদেশ অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলেও তার বিরুদ্ধে দায়ের করা মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম-২ আসন
এই আসনের প্রার্থী সরোয়ার আলমগীর আদালতের নির্দেশে প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেও, তার মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনি ফল প্রকাশ করা হবে না বলে জানিয়েছে কমিশন।
শেরপুর-২ আসন
শেরপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী আদালতের আদেশ অনুযায়ী নির্বাচনে অংশ নিতে পারলেও, তার নির্বাচনের চূড়ান্ত ফলাফল পুরোপুরি নির্ভর করবে মামলার রায়ের ওপর—এমন সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের মতে, আইনের প্রতি শ্রদ্ধা এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

