বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয় পাওয়ায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি শুভেচ্ছা জানান।
বাংলাদেশ সময় বেলা ১টার দিকে দেওয়া ওই পোস্টে মমতা লেখেন, “বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে জানাই আমার শুভনন্দন, আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেক ভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।”
এক্স পোস্টে তিনি দুই দেশের সুসম্পর্ক অটুট থাকার আশাবাদও ব্যক্ত করেন।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়ে তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান। ফেসবুকে দেওয়া পোস্টে মোদি বলেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে সুস্পষ্ট জয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়। শুক্রবার নির্বাচন কমিশন ৩০০ আসনের মধ্যে ২৯৭টির আনুষ্ঠানিক ফল ঘোষণা করে। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এ দুই আসনের ফল পরে জানানো হবে। শেরপুর-৩ আসনে ভোট গ্রহণ হয়নি।
ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি ও তার মিত্ররা পেয়েছে ২১২ আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭ আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৭টি আসন।

