পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধানের উপস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চাকলাহাট ইউনিয়ন কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চাকলাহাট বাজারে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
আবু দাউদ প্রধান বলেন, “চাকলা বাজারে গেলে কয়েকজন আমাকে বললেন, ‘আওয়ামী লীগ অফিসে তালা লাগানো হয়েছে, এতে উত্তেজনা তৈরি হচ্ছে।’ আমি বললাম, উত্তেজনা তৈরি করা যাবে না। সবাই শান্তিপূর্ণভাবে থাকুন। পাশাপাশি, পরে তালা খুলে দিতে বলি। এটি মূলত এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য, এখানে কোনো দলীয় সিদ্ধান্ত নেই।”
ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান (বুলেট) বক্তব্য দিচ্ছেন। তাঁর পাশে দাঁড়িয়ে আছেন আবু দাউদ প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল হোসেন ও পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান (স্বপন)। উপস্থিত ছিলেন অন্তত ৩০ জনের বেশি মানুষ।
কামরুজ্জামান বলেন, “বিএনপি বিপুল আসনে সরকার গঠনের পথে। এই মুহূর্তে পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি, চাকলাহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আবু দাউদ প্রধান প্রথমেই আমাদের অফিসকে তালামুক্ত করেছেন। যারা দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল, যারা স্বাধীনতার পক্ষের দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে এটি একটি গুরুত্বপূর্ণ কাজ।”
ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনাও শুরু হয়েছে। পঞ্চগড়ের সাবেক ছাত্রদল নেতা ও জাসাস নেতা ইউনুস শেখ কমেন্টে লিখেছেন, “পঞ্চগড় সদর থানার সভাপতিকে কে দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, আমার বোধগম্য হলো না।”

