ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম নানা আকুফো আদো এ মন্তব্য করেন।
তিনি জানান, নির্বাচন-পরবর্তী সময়ে মিশন কিছু বিচ্ছিন্ন উত্তেজনার ঘটনা লক্ষ্য করেছে। তিনি সব অংশীদারকে উৎসাহিত করেছেন শান্তিপূর্ণ আচরণ বজায় রাখতে এবং প্রাসঙ্গিক আইনি পদ্ধতির মাধ্যমে যেকোনো বিরোধ নিষ্পত্তি করতে।
মিশন প্রধান আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এজন্য তিনি বাংলাদেশের জনগণ, নির্বাচন কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা এবং অন্তর্বর্তী সরকারসহ নির্বাচন কমিশনের প্রশংসা করেছেন।
পরবর্তী নির্বাচনী চক্রের প্রস্তুতির বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্বাচন-পরবর্তী পর্যালোচনা পরিচালনা করতে উৎসাহিত করা হচ্ছে, যাতে সুষ্ঠু অনুশীলনের জন্য সকল পর্যবেক্ষকের সুপারিশ অন্তর্ভুক্ত করা যায়।
কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান বলেন, বাংলাদেশের জনগণ তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। তিনি জনগণকে তাদের গণতান্ত্রিক ভবিষ্যতে উদার ও ঐক্যবদ্ধ থাকতে উৎসাহিত করেছেন।

