পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন এমন গুঞ্জন উঠেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, “এ ধরনের খবর শুনেছি।”
মন্ত্রণালয়ের একটি সূত্র দাবি করছে, আইজিপি পদত্যাগ করেছেন। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বাহারুল আলম ফোন ধরেননি।
বাহারুল আলম ২০২৪ সালের ২১ নভেম্বর দায়িত্বভার গ্রহণ করেন। তিনি বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হন। সরকার তাঁকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে আইজিপি নিয়োগ দেয়।
১৯৮৬ সালের ২১ জানুয়ারি বাহারুল আলম বিসিএস (পুলিশ) ১৯৮৪ ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশের সাথে যুক্ত হন। তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রধানসহ পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিদেশি দায়িত্বেও তার অভিজ্ঞতা সমৃদ্ধ। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে সিনিয়র পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এছাড়া ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে ফিল্ড মিশনে দায়িত্ব পালন করেছেন। ২০২০ সালে চাকরি থেকে তিনি অবসরে যান।

