দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে সনি র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের তিন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন, তার ভাই ও ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বিনাস হোসেন এবং সাচিমি ওগাওরা হোসেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন তথ্যটি নিশ্চিত করেন।
দুদকের উপ-সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. আল আমিন আবেদনকারীর পক্ষ থেকে আদালতে জানান, অভিযুক্ত একরাম হোসেন ও বিনাস হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে প্রায় ১৫ থেকে ২০ হাজার কোটি টাকার সম্পদ পাচারের অভিযোগ রয়েছে।
আবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ও তাদের পরিবারের সদস্যদের নামে দেশের ভেতর ও বাইরে প্রচুর স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। তারা এসব সম্পদ বিভিন্ন স্থানে স্থানান্তরের চেষ্টা করছেন। এর ফলে সম্পদ রোধ এবং অপরাধের আলামত সংরক্ষণের জন্য তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা জরুরি।
দুদক জানিয়েছে, দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে অনুসন্ধান কার্যক্রমে বাধ্যতামূলক সহযোগিতা নিশ্চিত করা হবে এবং অপরাধমূলক সম্পদের অবৈধ স্থানান্তর রোধ করা সম্ভব হবে।

