ঢাকা বিশ্ববিদ্যালয়–এর উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দিয়েছেন নিয়াজ আহমদ খান।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকালে তিনি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন–এর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে নিজের মূল পদ—উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক হিসেবে ফেরার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জমা দেন।
গত ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। সেদিন তিনি বলেন, দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ পর্ব শেষ হয়েছে বলে তিনি মনে করেন এবং সরে দাঁড়াতে চান।
ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানের পর ২০২৪ সালের আগস্টের শেষ দিকে নিয়াজ আহমদ খান উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন।
আজকের সাক্ষাতে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ, শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং করণীয় বিষয়ে তাঁর মতামত জানতে চান। উপাচার্য শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং দেশের বৃহত্তর শিক্ষাখাতের উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
শিক্ষামন্ত্রী ক্রান্তিকালে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখায় উপাচার্যকে ধন্যবাদ জানান এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন।

