দীর্ঘ দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবার চালু হচ্ছে আগরতলা-ঢাকা-কলকাতা সরাসরি আন্তর্জাতিক বাস পরিষেবা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার কমলাপুর বাস ডিপো থেকে পরীক্ষামূলকভাবে ‘রয়েল মৈত্রী’ পরিবহনের একটি বাস আখাউড়া আন্তর্জাতিক অভিবাসন তল্লাশি চৌকি হয়ে ত্রিপুরা রাজ্যের আগরতলায় প্রবেশ করে।
আগরতলা-ঢাকা-কলকাতা বাস পরিষেবার মহাব্যবস্থাপক ওয়ারিছ আলম দেওয়ান জানান, প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন পরীক্ষামূলকভাবে বাস চলবে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে পরবর্তীতে সপ্তাহে তিন দিন নিয়মিতভাবে পরিষেবা পরিচালিত হবে।
এর আগে ঢাকা হয়ে আগরতলা-কলকাতা রুটে বাস চলাচল করত। তবে রাজনৈতিক অস্থিরতা ও ভিসা জটিলতার কারণে গত দেড় বছর ধরে তা বন্ধ ছিল।
২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও ভিসা–সংক্রান্ত জটিলতার কারণে পরিষেবাটি স্থগিত হয়। দেড় বছরের বেশি সময় পর পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের ভিত্তিতে ভারত ও বাংলাদেশের মধ্যে পরীক্ষামূলকভাবে আবার যাত্রা শুরু হলো।
ত্রিপুরা রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এই পরিষেবা পুনরায় চালু হওয়ায় দুই দেশের মানুষের যোগাযোগ, পর্যটন এবং ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে এবং শান্তি ও সমৃদ্ধির পথ প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
উল্লেখ্য, আগরতলা থেকে ট্রেনে গুয়াহাটি হয়ে কলকাতায় পৌঁছাতে প্রায় দেড় হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। কিন্তু বাসে ঢাকা হয়ে গেলে দূরত্ব অনেক কমে যায়। আগরতলা-ঢাকা-কলকাতা বাসপথে যাত্রা মাত্র প্রায় ৫০০ কিলোমিটারে সীমাবদ্ধ থাকে।

