যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, সাকিব ও মাশরাফি বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদের প্রতি মানুষের ভালোবাসা এবং খেলায় অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে, তা রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়।
গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
আমিনুল হক বলেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে আইনগত বিষয়গুলো মোকাবিলা করতে হবে। তারা যদি নির্দোষ প্রমাণিত হয়ে দেশের মাঠে খেলতে আসেন, তবে অবশ্যই তাদের স্বাগত জানানো হবে।
তিনি বলেন, “আপনাদের যে মামলাগুলো রয়েছে, সেগুলো মোকাবিলা করে নির্দোষ হলে এবং সব প্রক্রিয়া সম্পন্ন করে মাঠে এলে আমরা শতভাগ নমনীয় থাকব, ইনশাআল্লাহ।”
প্রতিমন্ত্রী আরো বলেন, দেশ গঠনের পরিকল্পনায় আটটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যার মধ্যে খেলাধুলা একটি। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, খেলাধুলা এমন একটি ক্ষেত্র যেখানে দল-মত নির্বিশেষে একটি জাতিকে ঐক্যবদ্ধ করা যায়। সেখানে সবাই বাংলাদেশি হিসেবে দেশকে প্রতিনিধিত্ব করে।
আমিনুল হক জানান, জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ঈদের পর উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে নতুন ক্রীড়া কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে, যা ইউনিয়ন পর্যায় থেকে শুরু হবে।

