ইরানে হামলা ও পাল্টা হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের ‘কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের’ নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। ওই বিবৃতিতে সার্বভৌমত্ব লঙ্ঘনের ক্ষেত্রে সাতটি দেশের নাম উল্লেখ করা হলেও সে তালিকায় ইরানকে রাখা হয়নি।
শনিবার ইরানজুড়ে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার কন্যা, জামাতা ও নাতিও প্রাণ হারিয়েছেন। ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, সেখানে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে কয়েক ডজন নেতা রয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ওই অঞ্চলের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানাচ্ছে বাংলাদেশ; যার মধ্যে রয়েছে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “ইরানে হামলার পর দেশটিতে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন।
“বাংলাদেশ সাবধান করে দিতে চায়, সংঘাত অব্যাহত থাকলে তা কেবল আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও বেসামরিক জনগণের সমৃদ্ধিকে বিপন্ন করবে। সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মতপার্থক্য দূর করতে কূটনীতিতে ফেরার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।”
এরপর দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, “শিগগির পরিস্থিতি শান্ত হবে এবং ওই অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করছে বাংলাদেশ।”

