চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে খুব শিগগিরই সারা দেশে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁদাবাজদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বুধবার (৪ মার্চ) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা মহানগর পুলিশকে এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। খুব শিগগিরই অভিযান শুরু হবে এবং তা প্রথমে ঢাকা থেকে শুরু করা হবে। চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
এ সময় তিনি আরও বলেন, সন্ত্রাসী, দাগী আসামি এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের একটি তালিকা ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে, যা আইনশৃঙ্খলা রক্ষায় পরবর্তী পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে।

