মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ছয়টি গুরুত্বপূর্ণ রুটে সাময়িকভাবে ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব গন্তব্যে কোনো ফ্লাইট পরিচালনা করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আজ বুধবার (৪ মার্চ ২০২৬) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, আপাতত: আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মামগামী সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে মধ্যপ্রাচ্যের অন্য কয়েকটি গন্তব্যে ফ্লাইট স্বাভাবিক রয়েছে। জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাট রুটে পূর্বসূচি অনুযায়ী বিমান চলাচল অব্যাহত আছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
যেসব যাত্রী ইতোমধ্যে স্থগিত রুটগুলোর টিকিট সংগ্রহ করেছেন, তারা অতিরিক্ত কোনো ফি ছাড়াই টিকিট ফেরত দিতে পারবেন। চাইলে বিনা খরচে ভ্রমণের তারিখও পরিবর্তন করা যাবে। দেশের ভেতরে কিংবা বিদেশে বিমানের নিজস্ব সেলস অফিস এবং সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ সুবিধা পাওয়া যাবে।
ফ্লাইট সংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে যাত্রীদের বিমানের কলসেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। অভ্যন্তরীণ নম্বর ১৩৬৩৬ এবং আন্তর্জাতিক নম্বর +৮৮০৯৬১০৯ ১৩৬৩৬।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাই তাদের প্রধান বিবেচ্য বিষয়। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন হলে নতুন সিদ্ধান্ত দ্রুত জানানো হবে। সাময়িক এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

