বাংলাদেশের জ্বালানি চাহিদা মোকাবিলায় সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে ভারত ও চীন। দেশের অর্থমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকের পর এ আগ্রহের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দুই দেশের রাষ্ট্রদূত।
সোমবার (৯ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করবে এবং এ খাতে সহযোগিতা বাড়াতে চীন আগ্রহী।
এর আগে, জ্বালানি সরবরাহ সহযোগিতা নিয়ে আলোচনা করতে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা।
বৈঠকের নথি অনুযায়ী, বিদ্যমান চুক্তির আওতায় ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে প্রতি মাসে ২০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
চুক্তি অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত বাংলাদেশ ৫ হাজার টন ডিজেল পেয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও ৫ হাজার টন ডিজেল সরবরাহ পাওয়ার জন্য ঢাকার পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে।
এছাড়া চুক্তির অধীনে বিদ্যমান ঐচ্ছিক ৬০ হাজার টন ডিজেল সরবরাহ গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।

