বিরতির পর আজ রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আবার শুরু হচ্ছে। নতুন সংসদের কার্যক্রম শুরুর পর রাষ্ট্রপতির ভাষণ উপস্থাপনের মাধ্যমে অধিবেশন স্থগিত করা হয়েছিল, যা আজ পুনরায় শুরু হতে যাচ্ছে।
সংসদ সচিবালয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, আজকের বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ওপর সংসদ সদস্যদের প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। পাশাপাশি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ উত্থাপন এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
গত বৃহস্পতিবার নতুন সংসদের যাত্রা শুরু হয়। ওই দিন রাষ্ট্রপতির ভাষণের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনটি রবিবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন।
এর আগে শনিবার সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, চলতি অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সাধারণত অধিবেশন বিকেল ৩টায় শুরু হওয়ার নিয়ম থাকলেও আজ বিশেষ কারণে সকাল ১১টায় বসছে সংসদ। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে।
এবারের অধিবেশনে সংসদ সদস্যদের অংশগ্রহণও বেশ সক্রিয়। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ৮টি প্রশ্ন এবং বিভিন্ন মন্ত্রীর কাছে ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া ২৭টি মনোযোগ আকর্ষণ নোটিশ এবং ৯৭টি সিদ্ধান্ত প্রস্তাবও সংসদ সচিবালয়ে জমা দেওয়া হয়েছে।
অধিবেশন শুরুর আগেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন হয়েছে। সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। একইভাবে ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হন। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত দুইজনকে শপথ বাক্য পাঠ করান।

