পবিত্র শবে কদর, আসন্ন ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে টানা ১১ দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সময়েও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর ও সংশ্লিষ্ট শুল্ক স্টেশনে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকবে। এ সময় পণ্য আমদানি-রপ্তানি বা অন্যান্য ব্যবসায়িক লেনদেন চালু থাকবে না।
বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, শবে কদর, সম্ভাব্য ঈদুল ফিতর এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বিষয়টি বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে। চিঠিটি বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি, ইমিগ্রেশন বিভাগসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে। এছাড়া ভারতের চ্যাংড়াবান্ধা কাস্টমস কর্তৃপক্ষ ও ভুটানের সংশ্লিষ্ট দপ্তরকেও বিষয়টি অবহিত করা হয়েছে।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ধর্মীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ দিনগুলোকে সামনে রেখে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সাময়িকভাবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। নির্ধারিত সময় শেষ হলে ২৮ মার্চ থেকে আবার স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
এদিকে বুড়িমারী ইমিগ্রেশন চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক সাইফুর রহমান জানান, বন্দর এলাকায় পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকলেও আন্তর্জাতিক এই রুট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের পারাপারে কোনো বাঁধা থাকবে না। বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকলে বন্দরের স্বাভাবিক কাজও সীমিত হয়ে যায়। তাই নির্ধারিত এই সময়ে পণ্য পরিবহন কার্যক্রম বন্ধ থাকবে।
অন্যদিকে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার মহাম্মদ মহি উদ্দিন জানান, সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন থেকে লিখিতভাবে জানানো হয়েছে যে ১৭ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এই সময় কাস্টমসের কিছু দাপ্তরিক কাজ সীমিত পরিসরে চালু থাকবে।

