বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন পূরণে এবার নতুন সুযোগ তৈরি করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। ভাষা শিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনে আগ্রহীদের জন্য জামানত ছাড়াই ঋণ চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ব্যাংক জানায়, ‘বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে ভাষা শিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনের জন্য ঋণ’ কর্মসূচির আওতায় যোগ্য প্রার্থীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন। সহজ শর্তে এই ঋণ দেওয়া হবে, যাতে বিদেশে কাজের প্রস্তুতি নেওয়া আরও সহজ হয়।
ব্যাংকের তথ্যমতে, ঋণের আওতায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি টিউশন ফি পরিশোধ করা হবে। পাশাপাশি বিদেশে অবস্থানকালীন থাকা-খাওয়ার খরচ মেটাতে অর্থ পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে। বিশেষ করে কোরিয়া, জাপান, চীন ও জার্মানিতে যেতে ইচ্ছুকদের জন্য এই সুবিধা আরও সহজ করা হয়েছে।
ঋণ পেতে আগ্রহীদের ক্ষেত্রে কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীকে সংশ্লিষ্ট শাখার স্থানীয় বাসিন্দা হতে হবে এবং বয়স হতে হবে ৪০ বছরের নিচে। যে দেশে যেতে চান, সেই দেশের কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের অফার লেটার থাকতে হবে। পাশাপাশি নির্ধারিত ভাষা দক্ষতার সনদও বাধ্যতামূলক—যেমন জাপানের জন্য এন-৫ বা দক্ষিণ কোরিয়ার জন্য টিওপিআইকে লেভেল ৩।
আবেদনের সময় পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং জামিনদার সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
এই ঋণের বার্ষিক সুদের হার নির্ধারণ করা হয়েছে ১১ শতাংশ এবং ঋণের মেয়াদ সর্বোচ্চ ৩ বছর। অন্যান্য ফি ও চার্জ প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রচলিত নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে।
এ বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহীদের নিকটস্থ শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া ব্যাংকের হেল্পলাইন নম্বর ১৬২৩৮-এ কল করেও তথ্য পাওয়া যাবে। প্রয়োজনীয় তথ্য ব্যাংকের ওয়েবসাইট থেকেও জানা যাবে।

