দেশের ব্যাংক খাতে বাড়তে থাকা খেলাপি ঋণসহ বিভিন্ন ঝুঁকি আগেভাগে শনাক্ত করতে তদারকি আরও কঠোর করছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে তফসিলি ব্যাংকগুলোকে নিরীক্ষা-সংক্রান্ত অন্তর্বর্তী প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যেই জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়, ‘ব্যাংক-কোম্পানি বহিঃনিরীক্ষণ বিধিমালা, ২০২৪’ অনুযায়ী নিরীক্ষা বছরের নবম মাস শেষে একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন প্রস্তুত করতে হবে। সেই প্রতিবেদন নিরীক্ষা বছরের শেষ তারিখের মধ্যেই বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে। ২০২৫ সালভিত্তিক এবং পরবর্তী সব বছরের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়, ব্যাংক খাতের তদারকি আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইতোমধ্যে সুপারভিশন কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে চালু করা হয়েছে ঝুঁকিভিত্তিক সুপারভিশন (রিস্ক বেইজড সুপারভিশন বা আরবিএস) ব্যবস্থা।
সংশ্লিষ্টরা জানান, নতুন এই ব্যবস্থায় সব ব্যাংককে একইভাবে মূল্যায়ন করা হবে না। যেসব ব্যাংকে ঝুঁকির মাত্রা বেশি, সেগুলোর ওপর নজরদারি বাড়ানো হবে। ফলে সম্ভাব্য আর্থিক দুর্বলতা ও অনিয়ম আগেই চিহ্নিত করা সহজ হবে।
এই উদ্যোগের ফলে ব্যাংকগুলোর সামগ্রিক আর্থিক অবস্থা, বিশেষ করে ঋণঝুঁকি ও খেলাপি ঋণের প্রবণতা আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। একই সঙ্গে এটি কার্যকরভাবে বাস্তবায়িত হলে খেলাপি ঋণ নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

